ম্যাডিসন স্কোয়ারে ভাগবতের সভা ঘিরে নিউ ইয়র্কে তোলপাড়, ‘সমর্থন করি না’ সোচ্চার মেয়র মামদানি – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ২৯ অগাস্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক স্তরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আরএসএসের শতবর্ষ উদযাপনে আয়োজিত এই সভায় প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিত থাকার কথা। তবে এই সফরকে ঘিরে মার্কিন মুলুকে প্রতিবাদের ঝড় উঠেছে।
‘ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (USCIRF) এবং ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’-এর মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে সভা বাতিলের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে। প্রতিবাদের সুর আরও চড়িয়ে নিউ ইয়র্ক সিটির ভারতীয় বংশোদ্ভূত মেয়র জ়োহরান মামদানি স্পষ্ট জানিয়েছেন, তিনি শহর বা ব্যক্তিগত অবস্থান—কোনো দিক থেকেই এই সভাকে সমর্থন করেন না। তবে আইনিভাবে এটি বাতিল করার এক্তিয়ার নগর প্রশাসনের রয়েছে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক মূল্যবোধই একটি সুস্থ সমাজের ভিত্তি, কোনো বর্জনমূলক মতাদর্শ নয়।
ইতিপূর্বে কানাডাতেও ভাগবতের সফরের তীব্র বিরোধিতা হয়েছিল এবং সেখানেও আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি ওঠে। বর্তমানে নিউ ইয়র্ক সিটি হলের সামনে ‘ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল’ ও ‘ইন্টারফেইথ সেন্টার অফ নিউ ইয়র্ক’-সহ একাধিক সংগঠন একযোগে এই সভা বাতিলের জন্য বিক্ষোভ দেখাচ্ছে।
অন্যদিকে অনুষ্ঠানের আয়োজক ‘আমেরিকান হিন্দুস ফর ডায়লগ’ জানিয়েছে, ‘ইউনিভার্সাল ওমনেস সেলিব্রেশন’ শীর্ষক এই কর্মসূচির মূল উদ্দেশ্য বিশ্বজনীন ভাইচারা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। সার্বিক আন্তর্জাতিক প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী এই সভা অনুষ্ঠিত হবে কি না, সেটাই এখন দেখার।
