যন্তর মন্তর আন্দোলন ঘিরে চাঞ্চল্য, মুক্তি পেলেন সিজেপি নেতা ও ধ্রুব রাঠি, শর্ত জারি পুলিশের – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির ‘যন্তর মন্তর চলো’ অভিযান ঘিরে তৈরি হওয়া উত্তেজনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেলেন সিজেপি-র তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। রবিবার সকালে তাদের এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে আইনি লড়াইয়ের পর নির্দেশমতো তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে গতকাল মুম্বই থেকে দিল্লিতে পৌঁছতেই বিমান থেকে ওই তিন নেতাকে প্রতিরোধমূলক আটক করেছিল দিল্লি পুলিশ। পাশাপাশি, শনিবার গুরুগ্রামের বাসভবন থেকে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।
আইনজীবী বৃন্দা গ্রোভার ও সিজেপি-র আইনি প্রধান রত্না সিংয়ের উপস্থিতিতে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে ধ্রুব রাঠির মুক্তির ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে প্রশাসন। আগামী দিনে তিনি দিল্লির যন্তর মন্তরের ধারে-কাছেও ঘেঁষতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মূলত যন্তর মন্তরের নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলার অবনতি এড়াতেই পুলিশ এই প্রিভেনটিভ অ্যারেস্টের পদক্ষেপ করেছিল বলে জানা গিয়েছে।
