যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে স্কুল, শিক্ষিকার বাড়িতে চলছে ১১০ শিশুর ক্লাস! – এবেলা

এবেলা ডেস্কঃ
গঙ্গার ভয়াল ভাঙনের মুখে দাঁড়িয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচন্ড শিশু শিক্ষা কেন্দ্র। নদী থেকে স্কুল ভবনটির দূরত্ব মাত্র এক থেকে দুই ফুট হওয়ায় যে কোনো মুহূর্তে তা গর্ভে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্ষার জলে গঙ্গার জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসী ও পড়ুয়াদের মধ্যে। এই পরিস্থিতিতে ১১০ জন শিশুর সুরক্ষা নিশ্চিত করতে স্কুল ভবন থেকে পঠনপাঠন সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে স্থানীয় এক শিক্ষিকার বাড়িতেই বাধ্য হয়ে চলছে ক্লাস ও মিড-ডে মিলের ব্যবস্থা।
সামশেরগঞ্জের এই এলাকায় গঙ্গা ভাঙন নতুন কিছু না হলেও এবারের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ব্লক প্রশাসন ও শিক্ষা দপ্তর শিশু সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেও অস্থায়ী এই ব্যবস্থায় পঠনপাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। ছোট জায়গায় গাদাগাদি করে ক্লাস হওয়ায় সমস্ত পড়ুয়া অংশ নিতে পারছে না, এবং মিড-ডে মিলও অনিয়মিত হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরাপদ স্থানে নতুন স্কুল চালুর আশ্বাস দেওয়া হলেও আতঙ্কের মেঘ কাটছে না উত্তর চাচন্ড গ্রামের মানুষের মন থেকে।
