রণক্ষেত্র পার্ক সার্কাস, পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া অ্যাকশনে শুভেন্দুর পুলিশ – এবেলা

রণক্ষেত্র পার্ক সার্কাস, পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া অ্যাকশনে শুভেন্দুর পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকা। রবিবার এক বেআইনি জমায়েত থেকে পুলিশের উপর অতর্কিত হামলা, ইটবৃষ্টি এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। তবে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

উত্তেজনার সূত্রপাত ও হামলা

জানা গেছে, তিলজলা এলাকায় বুলডোজার দিয়ে একটি বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলে তার প্রতিবাদে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, এই জমায়েতের কোনো আইনি অনুমতি ছিল না। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরাতে যায়। তখনই জমায়েতের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে আচমকা ইটবৃষ্টি শুরু হয়। হামলায় কলকাতা পুলিশের ৩ জন কর্মী জখম হয়েছেন এবং পুলিশের তিনটি গাড়ি ও রাস্তায় থাকা বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

নেপথ্যে বহিরাগত যোগ ও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস জানিয়েছেন, এই অশান্তির পেছনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা একদল বহিরাগত যুক্ত ছিল। পুলিশ আগে থেকেই এই সংক্রান্ত তথ্য পেয়ে প্রস্তুত থাকায় এক বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অতিরিক্ত সিপি স্পষ্ট জানান, আইন অমান্যকারী ও হামলাকারীদের কাউকেই রেয়াত করা হবে না। ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারা রয়েছে, তা খতিয়ে দেখে সবার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *