রাজনীতির ঊর্ধ্বে উন্নয়ন? ফিরহাদ, শোভনকে নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ
উন্নয়নের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে বিরোধীদের পরামর্শ নিতেও দ্বিধাবোধ করবেন না রাজ্যের পুর ও নগরেোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কিংবা বিধানসভার পূর্বসূরি ফিরহাদ হাকিমের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁর কোনো সমস্যা নেই। বাংলার প্রতিটি মানুষের বাড়িতে এক বছরের মধ্যে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া তাঁর দপ্তরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি ট্যাংরাকে চায়না টাউন এবং মায়াপুরকে ধর্মীয় নগর হিসেবে গড়ে তোলার মতো একাধিক বড় প্রকল্পের রূপরেখাও তুলে ধরেন এই লড়াকু নেত্রী।
শহরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিটি রাস্তায় নতুন সাইনেজ বসানো থেকে শুরু করে বাইপাস ও রাজারহাট সংযোগকারী উড়ালপুল নির্মাণ এবং চিংড়িঘাটায় যানজট মুক্তির পরিকল্পনা রয়েছে সরকারের। পুর পরিষেবা সচল রাখতে বড় ওয়ার্ডগুলির ডিলিমিটেশন করে উন্নয়নের গতি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। সাক্ষাৎকারে অভয়ার বিচার প্রসঙ্গ এবং জেন জি আন্দোলন নিয়েও নিজের স্পষ্ট মতামত ব্যক্ত করেন তিনি। তবে সবকিছুর ঊর্ধ্বে রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের মৌলিক পরিষেবা নিশ্চিত করাই যে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য, তা এদিন তাঁর কথায় স্পষ্ট হয়ে উঠেছে।
