রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত! চোখে জল নিয়ে বড় বার্তা আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের – এবেলা

এবেলা ডেস্কঃ
রেজিনগর উপনির্বাচনের ফলাফল প্রকাশের আগেই চরম হতাশা ও ক্ষোভ উগরে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। ভোট গণনার আগেই রেজিনগরে বিজেপির জয়ের ভবিষ্যদ্বাণী করে তিনি রাজনীতি থেকে স্বেচ্ছাঅবসরের ইঙ্গিত দিয়েছেন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নওদার এই বিধায়ক জানান, দলীয় কার্যালয় থেকে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে ১২ ঘণ্টা আটকে রাখা হয়েছিল এবং অবাধে ভোট লুট করা হয়েছে। এ ধরনের গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করা তাঁর পক্ষে আসাম্ভব বলে তিনি দাবি করেন।
হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী পদে বহাল থাকা পর্যন্ত তিনি আর বিধানসভায় পা রাখবেন না। স্পিকারের ডাকা কোনো বৈঠক, মাইনরিটি অ্যাফেয়ার্স বা অন্যান্য কমিটিতেও তিনি যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। নিজের আসন ফাঁকা রাখার কথা জানিয়ে তিনি বলেন, নওদার মানুষের জন্য তিনি পরিষেবা দিয়ে যাবেন, তবে তাঁদের মতামত নিয়ে ভবিষ্যতে বিধায়ক পদও ছেড়ে দিতে পারেন। একই সঙ্গে পুলিশি অত্যাচারের অভিযোগ এনে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার ওপর নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
