‘রাজনৈতিক ফাঁদে পা দেব না’— মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে সওয়াল ইডি-র – এবেলা

এবেলা ডেস্কঃ
আই-প্যাক (I-PAC) অভিযানে সরকারি কাজে বাধার সংক্রান্ত মামলার শুনানি সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরীর বেঞ্চে অনুষ্ঠিত হয়। এই শুনানিতে ইডি-র পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।
শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আইনজীবী মানেকা গুরুস্বামী প্রশ্ন তোলেন, রাজ্য সরকার পরিবর্তনের পর এই বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ কেন করা হচ্ছে না। এই দাবির তীব্র বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র বা ইডি কোনো রাজনৈতিক ফাঁদে পা দিতে চায় না। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজনৈতিক পরিবর্তনের পর এমন পদক্ষেপ নিলে সিবিআই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠতে পারে। তাই কোনো রাজনৈতিক রঙ না লাগিয়ে কেবল মামলার গুণাগুণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।
অন্যদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে বলেন, এই ধরনের পরিস্থিতিতে কোনো বর্তমান বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক্তিয়ার কতটুকু হবে, তা সুপ্রিম কোর্টেরই নির্ধারণ করা উচিত। দুই পক্ষ শুনলেও শীর্ষ আদালত তৎক্ষণাৎ কোনো চূড়ান্ত রায় দেয়নি। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ২ সেপ্টেম্বর।
