রাজারহাটে বিকট বিস্ফোরণে উড়ল বাড়ির দেওয়াল, উদ্ধার তাজা বোমা! আটক ২ – এবেলা

রাজারহাটে বিকট বিস্ফোরণে উড়ল বাড়ির দেওয়াল, উদ্ধার তাজা বোমা! আটক ২ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি ভাড়া বাড়িতে আচমকা বিকট বিস্ফোরণ! উইকেন্ডের এই ঘটনায় কেঁপে ওঠে গোটা এলাকা, ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনবহুল ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একতলা ওই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের দেওয়াল ও দরজা ভেঙে চুরমার হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় পাশের ঘরগুলিও। ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন।

কীভাবে ঘটল এই বিস্ফোরণ? পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কামারহাটির এক বাসিন্দা সম্প্রতি সুপারি বাগানের ভেতরের ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দু’জন সন্দেহভাজন একটি ব্যাগ নিয়ে ওই ঘরে ঢোকে। তারা ব্যাগটি রেখে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম: খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে নারায়ণপুর ও রাজারহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির একাধিক সরঞ্জাম এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা বোমা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ২ জন সন্দেহভাজনকে আটক করেছে বিধাননগর পুলিশ।

নাশকতার ছক? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির ভেতরে বিপুল পরিমাণে দেশি বোমা মজুত করা ছিল। তবে জনবহুল এলাকায় কেন এত বোমা মজুত করা হয়েছিল? এর নেপথ্যে বড়সড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *