রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, কেন চোখের জলে ভাসছে আজ গোটা বাংলা! – এবেলা

এবেলা ডেস্কঃ
আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে অভয়া দিবস। তৃণমূল জমানায় ঠিক দু’বছর আগে এই অভিশপ্ত দিনেই আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। এই মর্মান্তিক ঘটনার দুই বছর পূর্তিতে আজ রাজ্যজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে নিহত চিকিৎসককে স্মরণ করা হচ্ছে। আসানসোল জেলা হাসপাতালেও অভয়া স্মরণের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে অভয়াকে স্মরণ করে দুই মিনিট নীরবতা পালন করা হয় এবং মন্ত্রী তাঁর নিজের লেখা একটি কবিতা পাঠ করেন। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিটি স্তরের কর্মী ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এদিন সকাল ১১টায় রাজ্যের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দুই মিনিট নীরবতা পালন এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। আর জি কর হাসপাতালেও যথাযথ মর্যাদায় অভয়াকে স্মরণ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই ঘটনার সঙ্গে যুক্ত এবং সিসিটিভিতে যাদের দেখা গিয়েছে, তদন্তের স্বার্থে তাদের সকলকে তলব করা হবে। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়েছে এবং তদন্ত থেকে প্রাপ্ত নির্যাস রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। আজ বিকেলে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর। চিকিৎসকদের নিরাপত্তা এবং এই ধরনের ন্যক্কারজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
