রাজ্যপালের নামে ভুয়ো ফোন! আমলাদের টার্গেট করে প্রতারণা, কড়া সতর্কবার্তা লোক ভবনের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: কখনও খোদ পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আবার কখনও লোক ভবনের শীর্ষ আধিকারিক! এই হাই-প্রোফাইল পরিচয় দিয়েই বিশিষ্ট ব্যক্তি ও সরকারি আমলাদের কাছে আসছে ফোন। চাঞ্চল্যকর এই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সাধারণ মানুষ ও সরকারি আধিকারিকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে তড়িঘড়ি কড়া সতর্কবার্তা জারি করল লোক ভবন।
কীভাবে চলছে প্রতারণার ফাঁদ? লোক ভবনের তরফ থেকে জানানো হয়েছে, +৯১ ৯৮৩৬৫ ৪০১৬৩ – মূলত এই নম্বর থেকেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করছে। ফোনে নিজেকে রাজ্যপাল বা লোক ভবনের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সে রাজ্যের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে।
তদন্তে কলকাতা পুলিশ: রাজ্যের সাংবিধানিক প্রধানের নাম জড়িয়ে এই ধরনের জালিয়াতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে লোক ভবন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় মামলা রুজু করে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা: লোক ভবনের প্রেস বিজ্ঞপ্তিতে জনসাধারণ ও আধিকারিকদের উদ্দেশে স্পষ্ট জানানো হয়েছে:
- রাজ্যপাল বা লোক ভবনের আধিকারিকের পরিচয় দিয়ে কোনও অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক ফোনকল বা মেসেজ এলে, তার ভিত্তিতে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ করবেন না।
- এমন ফোন এলে সবার আগে লোক ভবনের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করে নিন।
- প্রতারণা সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা অবিলম্বে ০৩৩-২২০০-১৬৪১ থেকে ৪৪ নম্বরে যোগাযোগ করে জানান।
- এছাড়া তথ্য পাঠানো যাবে generalcellgs@gmail.com ইমেল আইডিতেও।
