রাজ্যে আয়ুষ্মান ভারত চালুর দাবিতে একজোট বেসরকারি হাসপাতালগুলি! কমবে চিকিৎসার খরচ ও সরকারি চাপ – এবেলা

রাজ্যে আয়ুষ্মান ভারত চালুর দাবিতে একজোট বেসরকারি হাসপাতালগুলি! কমবে চিকিৎসার খরচ ও সরকারি চাপ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে সুলভ ও উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবার কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প রাজ্যে কার্যকর করার জোর দাবি তুলল বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র। তাদের মতে, সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সঠিক সমন্বয় গড়ে তোলা গেলে একদিকে যেমন আমজনতার চিকিৎসার সুযোগ বাড়বে, তেমনই সরকারি হাসপাতালের পরিকাঠামোর ওপর থেকেও অতিরিক্ত চাপ অনেকটাই কমবে।

সোমবার এক জনাকীর্ণ সাংবাদিক বৈঠকে এই বার্তা দিয়েছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমস অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন (PNHOA)। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তের হাসপাতাল প্রশাসক, নার্সিংহোম মালিক, চিকিৎসক এবং স্বাস্থ্য শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার নানাবিধ চ্যালেঞ্জ, চিকিৎসার গুণমান বৃদ্ধি এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় সঠিকভাবে বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ অত্যন্ত সহজে উন্নতমানের চিকিৎসা পাবেন। এটি রাজ্যের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোকে আরও সুসংহত ও দক্ষ করে তুলতে বড় ভূমিকা নেবে।

বদলে যেতে পারে বাংলার স্বাস্থ্য পরিষেবা:

পিএনএইচওএ-র সভাপতি গৌতমনারায়ণ সরকার বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারে। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি সরকারের সহযোগী হিসেবে সাধারণ মানুষকে মানোত্তীর্ণ, সাশ্রয়ী এবং সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা দিতে সম্পূর্ণ বদ্ধপরিকর।” আগামী দিনেও স্বাস্থ্যক্ষেত্রের এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে যৌথভাবে কাজ করার বার্তা দিয়েছে এই সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *