রাজ্যে মদ-নীতি বদলের আড়ালে হাজার কোটির দুর্নীতি! প্রকাশ্যে গোপন রিপোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির পর এবার পশ্চিমবঙ্গ। রাজ্যের মদ-নীতি বদলের আড়ালে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে দেশের প্রথম সারির ইংরেজি সংবাদপত্র ‘দ্য স্টেটসম্যান’। রাজ্য আবগারি দফতরেরই একটি অত্যন্ত গোপন রিপোর্টের ভিত্তিতে এই দাবি করা হয়েছে। অভিযোগ, ২০১৭ সালে আবগারি নীতি পরিবর্তনের মাধ্যমে কার্টেলাইজেশন বা সিন্ডিকেট ভাঙার কথা বলা হলেও, আদতে সরকারি একচেটিয়া বাজার তৈরি করে বিপুল অর্থ লুট করা হয়েছে।
টাকা তোলা ও রাজনৈতিক যোগের অভিযোগ
গোপন রিপোর্টের তথ্যানুযায়ী, ২০১৭ সালে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড’ (WBSBCL) গঠন করে আগের ৫৫টি বেসরকারি ডিস্ট্রিবিউটর ব্যবস্থাকে বাতিল করা হয়। অভিযোগ, এই নতুন একচেটিয়া কাঠামোর সুযোগ নিয়ে মদ ও বিয়ার প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর বেআইনি চাপ সৃষ্টি করা হত। গুদাম ভাড়া ও পরিবহণ বাবদ ক্রেট পিছু অতিরিক্ত ৭ টাকা করে আদায় করা হত। এই বিপুল অর্থ সরকারি কোষাগারের বদলে সরাসরি প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পকেটে যেত বলে রিপোর্টে দাবি করা হয়েছে, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামও উঠে এসেছে। এই বেআইনি চাপের প্রমাণস্বরূপ আইএফবি অ্যাগ্রো-র মতো সংস্থার লিখিত অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে তারা অবৈধ জুলুম ও ব্যবসায়িক কাজে প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল।
রাজস্ব আদায়ে প্রভাব ও সম্ভাব্য পরিণতি
নীতি পরিবর্তনের ফলে আবগারি শুল্ক আদায়ের প্রক্রিয়াও রীতিমতো প্রভাবিত হয়। উৎসস্থলে এককালীন শুল্ক আদায়ের বদলে দুই ধাপে তা আদায় শুরু হওয়ায় রাজস্ব সংগ্রহে বিলম্ব এবং সরবরাহ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। এর ফলে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া রাজ্যের একাধিক মদ প্রস্তুতকারী ও বোতলজাতকারী সংস্থা এখন একজোট হয়ে সরকারের কাছে বেআইনিভাবে আদায় করা বিপুল অর্থ ও ক্ষতিপূরণ দাবি করার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনিক মহলে জমা পড়া এই গোপন রিপোর্টের অভিযোগগুলি তদন্তসাপেক্ষ হলেও, তা আগামী দিনে রাজ্যের রাজনীতি ও প্রশাসনে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
