রাজ্যে রেকর্ড সংখ্যক চাকরি! পুরসভা ও সমবায়ে বড় নিয়োগ পিএসসির – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে এক যুগান্তকারী পদক্ষেপ করল সরকার। এখন থেকে রাজ্যের সমস্ত পুরসভা ও সমবায় দপ্তরে নিয়োগের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-কে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলির এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অনিল বর্মা এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ইউপিএসসির আদলে সাজানো এই পরিকাঠামোর অধীনে খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরে প্রায় ৮,০০৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নতুন এই ব্যবস্থায় গ্রুপ এ, বি ও সি ক্যাটাগরি মিলিয়ে রাজ্যে মোট ১৭,৭১৪টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে গ্রুপ এ-তে ২,৪৯০টি, গ্রুপ বি-তে ২,৮৪৮টি এবং গ্রুপ সি বা ক্লেরিক্যাল ক্যাটাগরিতে ১২,৩৭৬টি পদ রয়েছে। চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বর্ধিত বয়সের বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এড়াতে এবার থেকে দ্রুত ফলাফল প্রকাশ এবং বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলার আশ্বাস দেওয়া হয়েছে।
