রাজ্য সরকারি স্কুলে ফিরছে পুরোনো ড্রেস কোড, ১৫ দিনের মধ্যে সমীক্ষার নির্দেশ শিক্ষাদপ্তরের – এবেলা

রাজ্য সরকারি স্কুলে ফিরছে পুরোনো ড্রেস কোড, ১৫ দিনের মধ্যে সমীক্ষার নির্দেশ শিক্ষাদপ্তরের – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদন: সরকারি স্কুলগুলিতে পোশাক নিয়ে বড়সড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। নীল-সাদা একরঙা ইউনিফর্মের নীতি থেকে সরে এসে প্রতিটি স্কুলের পুরোনো এবং নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য জেলা স্কুল পরিদর্শকদের (DI) বিশেষ সমীক্ষার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষাদপ্তর। আগামী ১৫ দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সমীক্ষার মূল লক্ষ্য: নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের কথা মাথায় রেখে এই সমীক্ষা চালানো হচ্ছে। ২০২২ সালের আগে প্রতিটি স্কুলে যে নির্দিষ্ট রঙের ও ডিজাইনের পোশাক প্রচলিত ছিল, তা ফিরিয়ে আনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। রাজ্য সরকারই নতুন পোশাকের যাবতীয় খরচ বহন করবে।

প্রক্রিয়া শুরু: বিভিন্ন স্কুলের শিক্ষকদের কাছে এরই মধ্যে গুগল ফর্ম পাঠানো হয়েছে। সেখানে স্কুলের পোশাকের পছন্দের রং এবং শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। রানাঘাট ভারতী হাই স্কুলের টিআইসি মৃন্ময় দে জানান, তারা এই সংক্রান্ত নির্দেশিকা ও ফর্ম পেয়েছেন।

রাজনৈতিক প্রতিক্রিয়া: এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “স্কুলের নিজস্ব পোশাক তাদের ঐতিহ্যের প্রতীক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। বিগত দিনে নীল-সাদা পোশাক নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।”

অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিষয়টিকে নিরপেক্ষভাবে দেখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নীল পছন্দ করতেন বলে নীল-সাদা করা হয়েছিল। এখন ফের বদল হলে প্রশ্ন উঠবে। পোশাকের সিদ্ধান্ত নিরপেক্ষ হওয়া উচিত।”

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর স্কুলের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়। ২০২২ সালের পর থেকে নীল-সাদা পোশাক বাধ্যতামূলক করা হয়েছিল এবং পোশাকে ‘বিশ্ব বাংলা’ লোগো ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে সেই সময় বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই পুরনো ঐতিহ্য ফেরানোর উদ্যোগকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *