রামমন্দিরে কোটি টাকার প্রণামী চুরি! যোগী সরকার ও ট্রাস্টকে সুপ্রিম কোর্টের কড়া নোটিস – এবেলা

এবেলা ডেস্কঃ
অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির অভিযোগে উত্তরপ্রদেশ সরকার এবং মন্দির ট্রাস্টকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নোটিস জারির পাশাপাশি বিশেষ তদন্তকারী দলের (সিট) কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছে। সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে জানানো হয়, সিট মুখবন্ধ খামে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেবে। আগামী ২০ জুলাই মামলার পরবর্তী শুনানি।
গত ৭ জুন চুরির বিষয়টি প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিট ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে গত দু’বছরে বিপুল পরিমাণ অর্থ লুটের প্রমাণ মিলেছে, যেখানে মন্দিরের কর্মচারী ও ট্রাস্টের একাংশ জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার জেরে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং সদস্য অনিল মিশ্র ইতিমধ্যেই নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
