রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বড়সড় পরিবর্তনের হাওয়া, শিক্ষামন্ত্রীর দরবারে উপাচার্য – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় শিক্ষানীতি মেনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের মান উন্নত করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি সল্টলেকের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর আয়োজিত একটি বিশেষ কর্মশালায় অংশ নিয়ে এই পরিকল্পনার কথা জানান উপাচার্য অর্ণব সেন। তিনি নিশ্চিত করেছেন যে, উচ্চশিক্ষা দপ্তর থেকে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া মিলেছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় অকেজো হয়ে পড়ে থাকা নতুন বহুতল ভবন চালু করা এবং একাধিক জাতীয় শিক্ষা প্রকল্প বাস্তবায়নে সবুজ সংকেত পাওয়া গেছে। পাশাপাশি অন্যান্য শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হচ্ছে। এই সব পদক্ষেপ কার্যকর হলে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
এই সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা পদ্ধতির আধুনিকীকরণকে ত্বরান্বিত করতে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন উপাচার্য। এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা, প্রয়োজনীয় নতুন প্রশাসনিক পরিকাঠামো নির্মাণ এবং নতুন কিছু দাবিদাওয়া আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর কাছে পেশ করা হবে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজ আমলের পুরোনো পরিকাঠামো দিয়েই বিশ্ববিদ্যালযটির কাজ সামলানো হচ্ছিল। তাই আধুনিক শ্রেণিকক্ষ ও উন্নত প্রযুক্তিগত সুবিধার প্রাপ্তি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার পরিবেশে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
