রাস্তায় কুকুরদের খাওয়ালে কী আইনি বিপদে পড়বেন আপনি?

ভারতে পথকুকুরদের খাবার খাওয়ানো কোনো অপরাধ নয়, তবে ২০২৫ সালের সুপ্রিম কোর্টের এক নির্দেশনায় এখন থেকে যত্রতত্র কুকুরদের খাবার দেওয়া আইনত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। জননিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে যে, এখন থেকে রাস্তা, পার্ক বা অ্যাপার্টমেন্টের প্রবেশদ্বারের মতো সাধারণ চলাচলের স্থানে কুকুরদের খাবার দেওয়া যাবে না। স্থানীয় প্রশাসন বা পৌরসভা কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট ‘ফিডিং জোন’-এ কেবল কুকুরদের খাবার পরিবেশন করা বাধ্যতামূলক করা হয়েছে।
আবাসিক এলাকা ও হাউজিং সোসাইটিগুলোর ক্ষেত্রেও নতুন এই নিয়ম কার্যকর হবে। নির্দিষ্ট নিয়ম মেনে খাবার খাওয়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট স্থান পরিষ্কার রাখার দায়িত্ব খাবার প্রদানকারীর ওপর বর্তাবে এবং শিশুদের খেলার জায়গায় খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আদালত সতর্ক করে জানিয়েছে, নিয়ম অমান্য করলে বা বিশৃঙ্খলভাবে খাবার খাওয়ানোর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, এর দায়ভার খাবার প্রদানকারীর ওপর পড়তে পারে। স্থানীয় আইন অনুযায়ী এই নিয়ম অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানার মুখোমুখি হতে হবে।
