রেজিনগরে ভোটসকালে চরম নাটক! টেনেহিঁচড়ে থানায় তোলা হল হুমায়ুন কবীরকে – এবেলা

এবেলা ডেস্কঃ
আজ ভোটগ্রহণের সকালে রেজিনগরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরকে পার্টি অফিস থেকে বের হওয়ার সময় আটক করে পুলিশ। বুথে বুথে এজেন্ট বসাতে বাধা দেওয়া এবং ভোট লুঠের অভিযোগ তুলে সকাল থেকেই সোচ্চার হয়েছিলেন তিনি। পুলিশের সঙ্গে তাঁর তীব্র বচসা বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁকে কার্যত জোর করে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তোলে এবং রেজিনগর থানায় নিয়ে যায়।
আটকের সময় হুমায়ুন কবীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তাঁর গায়ে হাত দেওয়া বা বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না। তাঁর দাবি ছিল, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে দলদাসের মতো কাজ করছে এবং তাঁর দলের এজেন্টদের বসতে দিচ্ছে না। এর আগে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। আজকের এই আকস্মিক আটকের জেরে রেজিনগরজুড়ে রাজনৈতিক পারদ চরমে পৌঁছেছে।
