রেফার করতেই অ্যাম্বুলেন্সে রক্তবমি! চিকিৎসকের গাফিলতিতে মৃত আট বছরের শিশু, রণক্ষেত্র চাঁচল হাসপাতাল! – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় মারাত্মক গাফিলতির জেরে আট বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠল। মঙ্গলবার দুপুরে জ্বর ও প্রস্রাব বন্ধ হওয়ার উপসর্গ নিয়ে পূজা কুমারী নামের ওই শিশুকে হাসপাতালে ভর্তি করেছিলেন পরিবারের লোকজন। পরিজনদের অভিযোগ, দীর্ঘক্ষণ কোনো চিকিৎসা না করে কর্তব্যরত চিকিৎসক সৌমেন সাউ শিশুটিকে না দেখেই তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। রেফার করার পর অ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তেই শিশুটির মুখ দিয়ে রক্তবমি শুরু হয় এবং হাসপাতালেই তার মৃত্যু ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ও হাহাকার ছড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ পরিজনেরা চিকিৎসকের চরম অবহেলা এবং স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহারের অভিযোগে চাঁচল থানায় লিখিত মামলা দায়ের করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত গাফিলতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক সৌমেন সাউ। তাঁর পালটা দাবি, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে আনা হয়েছিল। এদিকে চাঁচল ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
