রেশন বরাদ্দে বড় কোপ, দেশজুড়ে তালিকা থেকে বাদ পড়ছেন লাখো মানুষ – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ধারা সংশোধন করে সংসদে নতুন বিল আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এর ফলে অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে থাকা পরিবারগুলির রেশন বরাদ্দ ব্যাপক হারে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পরিবার-পিছু ৩৫ কেজির পরিবর্তে ব্যক্তি-পিছু মাসে ৭ কেজি রেশন ধার্য হতে পারে, যেখানে সর্বোচ্চ সীমা থাকবে ৩৫ কেজি। ফলে চার সদস্যের পরিবারে প্রায় ৭ কেজি এবং তিনজনের পরিবারে ১৪ কেজি পর্যন্ত রেশন কমতে পারে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে রেশন ডিলারদের সংগঠন। সরকারের দাবি, এই নিয়মে বছরে প্রায় ১৩ হাজার ৫৯০ কোটি টাকা সাশ্রয় হবে।
অন্যদিকে, ভোটার তালিকা সংশোধনের জেরে বহু মানুষের রেশন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কোচবিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রায় এক লক্ষ ২২ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে এবং রেশন কার্ডহীন ৬২ হাজার ভোটারের হদিশ মিলেছে। ভোটার তালিকা থেকে সরাসরি নাম বাদ পড়ারা রেশন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে যাঁদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁদের নাম আপাতত বাদ পড়ছে না। বাদ পড়াদের মধ্যে পরিযায়ী শ্রমিক ও মৃত ব্যক্তিরা রয়েছেন, পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের প্রশ্নও উঠছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই যাচাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়েছে জেলা খাদ্য দপ্তর।
