লক্ষ্মীপুজোর আনন্দ কি মাটি করবে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি নিয়ে বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। উত্তর আন্দামান সাগরের উপরিভাগে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই নিম্নচাপের সৃষ্টি করবে। এরপর এটি আরও শক্তি সঞ্চয় করে উপকূলবর্তী অঞ্চলের দিকে এগোতে শুরু করবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২৫ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন এই আবহাওয়ার সিস্টেমটির প্রভাব প্রবলভাবে অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা বৃদ্ধি এবং পর্যাপ্ত আর্দ্রতার কারণে এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এটি নিশ্চিতভাবে সাইক্লোনে পরিণত হবে কি না এবং এর সম্ভাব্য ল্যান্ডফল কোথায় হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি হাওয়া অফিস। তা সত্ত্বেও, নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুজোর দিন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা।
