লেবু কাটলেই ম্যাজিকের মতো থেমে যায় বৃষ্টি! এ কী বললেন বিজেপি সাংসদ? – এবেলা

লেবু কাটলেই ম্যাজিকের মতো থেমে যায় বৃষ্টি! এ কী বললেন বিজেপি সাংসদ? – এবেলা

এবেলা ডেস্কঃ

মহাদেবের কাছে প্রার্থনা করে লেবু কেটেছিলেন, আর তাতেই নাকি থেমে গিয়েছিল মুষলধারে হওয়া বৃষ্টি। ছত্তিশগড়ের বিজেপি সাংসদ ভোজরাজ নাগের এমন অদ্ভুত দাবি ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল ও বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সফরকে কেন্দ্র করে প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে তিনি এই পথ বেছে নিয়েছিলেন। ভগবান গৌতম বুদ্ধ ও মহাদেবের কাছে প্রার্থনা করার পাশাপাশি একটি লেবু কাটতেই আকাশ পরিষ্কার হয়ে যায় এবং কর্মসূচি সফল হয় বলে জানান তিনি। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।

সাংসদের এই অবৈজ্ঞানিক ও অদ্ভুত মন্তব্যের তীব্র সমালোচনা করে আসরে নেমেছে বিরোধী দল কংগ্রেস। ছত্তিশগড় কংগ্রেস সভাপতি দীপক বৈজ কটাক্ষ করে বলেছেন, লেবু কেটে যদি সত্যি বৃষ্টি থামানো সম্ভব হয়, তবে রাজ্যে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি হ্রাসের জন্যও ওই সাংসদের অবিলম্বে একটি লেবু কাটা উচিত। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েছিলেন ভোজরাজ নাগ। বর্ষার মাঝে সাংসদের এই লেবু কাটার তত্ত্ব এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *