শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা কবে? বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশে প্রশ্নের মুখে রাজ্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সাহায্যপ্রাপ্ত (Grants-in-Aid) স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেওয়া নিয়ে জটিলতা আরও বাড়ল। সরকারি কর্মীরা একাংশের ডিএ পেলেও কেন এই শিক্ষক ও শিক্ষাকর্মীরা বঞ্চিত থাকছেন, তা নিয়ে রাজ্য সরকারের কাছে স্পষ্ট জবাব চাইল কলকাতা হাইকোর্ট।
অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের (ABTA) করা মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। শুনানিতে আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম ও সুদীপ্ত দাসগুপ্ত।
আদালতে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জানানো হয়, বকেয়া ডিএ ঠিক কবে থেকে এবং কীভাবে মেটানো হবে, তার নির্দিষ্ট সময়সূচি রাজ্যকে জমা দিতে হবে। সুপ্রিম কোর্টে রাজ্য ইতিপূর্বে বকেয়া মেটানোর প্রক্রিয়ার কথা বললেও শিক্ষকদের দাবি পূরণ হয়নি। ফলে আগামী ১১ সেপ্টেম্বরের রিপোর্টের ওপরই এখন নির্ভর করছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ।
