শিলিগুড়ি-সিকিম লাইফ লাইনে বড় কড়াকড়ি! কবে থেকে রাতে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক? – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ষার প্রবল বৃষ্টি এবং পাহাড়ের লাগাতার ধসের জেরে বেহাল দশা শিলিগুড়ি-সিকিম যোগাযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের। পাহাড়ি এই গুরুত্বপূর্ণ রুটের ঢাল সুরক্ষা ও ভূমিধস প্রতিরোধের কাজ শুরু করতে চলেছে প্রশাসন। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সেবক করোনেশন সেতু থেকে রংপো পর্যন্ত ৫২.১ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রাতে যান চলাচলে কড়া বিধিনিষেধ জারি করা হচ্ছে।
আগামী ৭ থেকে ১৫ অক্টোবর এবং পরবর্তীতে ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর—দুই ধাপে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই সড়কে সমস্ত ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত পুজোর মরশুম ও পর্যটন মৌসুমের কথা মাথায় রেখেই দিনেরবেলায় যানজট এড়াতে রাতের বেলায় মেরামতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সফলভাবে সম্পন্ন হলে আগামী দিনে পাহাড়ে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
