শিল্পে ৬৮ হাজার কর্মসংস্থান ও নতুন পুলিশ বাহিনী: নবান্নে মন্ত্রিসভার একাধিক বড় সিদ্ধান্ত – এবেলা
August 20, 2026

এবেলা ডেস্কঃ
নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা, ক্রীড়া এবং দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- শিল্প ও কর্মসংস্থান: ডব্লিউবিআইডিসিএল এবং ডব্লিউবিআইআইডিসি-র অধীনে থাকা বিভিন্ন শিল্প পার্কে জমি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজ্যে মোট ৬৮ হাজারের বেশি মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, চা বাগান অঞ্চলের সর্বোচ্চ ১৫% জমি (সর্বোচ্চ ১৫০ একর) পর্যটন ও আনুষঙ্গিক ব্যবসায় ব্যবহারের অনুমতি দিতে ২০১৯ সালের নীতি সংশোধন করা হয়েছে।
- নিরাপত্তা ও প্রশাসন: রাজ্যের নিরাপত্তা পরিকাঠামো জোরদার করতে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড’ (ATS) এবং মাদক কারবার রুখতে ‘অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্স’ (ANTF) গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। দুর্গাপুর, মালদা, খড়্গপুর ও নদীয়ায় ৪টি নতুন এএনটিএফ থানা তৈরি হবে। এসব বাহিনীর জন্য বিপুল নতুন পদ তৈরির পাশাপাশি রাজ্য মহিলা কমিশন, দুর্নীতি দমন কমিশন ও হাইকোর্টের কার পুলে নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ডব্লিউবিপিএসসি-র সদস্য সংখ্যা বাড়িয়ে ১০ করা হয়েছে।
- ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রকল্প: ক্রীড়াবিদদের উৎসাহিত করতে তিনটি নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে— মেডেল বিজয়ীদের জন্য ‘অটল খেল সম্মান পুরস্কার’ (অলিম্পিকে স্বর্ণপদকজয়ীদের ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার), টুর্নামেন্ট সহায়তার জন্য ‘শ্যামা প্রসাদ মুখার্জী ক্রীড়া সহায়তা প্রকল্প’ এবং অবসরপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকার ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’।
- অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় ২৪.৫৯ কোটি টাকা ব্যয়ে দুটি পাম্প হাউস নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, সুন্দরবনে নদীবাঁধ ও স্লুইস সংস্কার এবং এডিবি-র সহায়তায় ২,২৫০ কোটি টাকার গ্রিন প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-কে জমি হস্তান্তর, ২১টি বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নতুন বিল পেশ, বিমানবন্দরে যাতায়াতের সুবিধার্থে ভিআইপি রোডে সাবওয়ে নির্মাণের এনওসি এবং সমুদ্রে ট্রলারডুবিতে প্রাণ হারানো ৯ জনের পরিবারকে হোমগার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
