‘শুদ্ধিকরণ’ মন্তব্যে রাহুলের নামে মামলা, সুর চড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব কংগ্রেস! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 1, 202612:33 pm
উত্তরাখণ্ডের হলদওয়ানিতে মল্লিকার্জুন খাড়গের জনসভার পর স্থান ‘শুদ্ধিকরণ’ নিয়ে করা মন্তব্যের জেরে আইনি জটিলতায় জড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দলিত সম্প্রদায়ের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
ঘটনার পটভূমি: গত ৮ আগস্ট হলদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জনসভা অনুষ্ঠিত হয়। এর কয়েকদিন পর, ১১ আগস্ট রামলীলা ময়দানে একটি ‘শুদ্ধিকরণ যজ্ঞ’ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ২৯ আগস্ট নতুন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী এই আচারের তীব্র সমালোচনা করে একে জাতিবিদ্বেষ ও অস্পৃশ্যতার চর্চা বলে আখ্যা দেন।
এই মন্তব্যের পরই বাল্মীকি সম্প্রদায়ের সদস্য ও ‘শ্রী রাম সেনা ধর্মার্থ সেবা ন্যাস’-এর যুক্ত অমিত কুমার হলদওয়ানি থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেন। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং এসসি/এসটি (SC/ST) আইনের বিভিন্ন ধারায় দায়ের করা এই অভিযোগে দাবি করা হয় যে, রাহুলের বক্তব্য তাঁদের সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
কংগ্রেসের তোপ: ঘটনাটিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। উত্তরাখণ্ডের কংগ্রেস ইনচার্জ কুমারী শৈলজা কেন্দ্র ও বিজেপির ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, যারা জনসভার পর জাতিবিদ্বেষী শুদ্ধিকরণ চালাল তাদের ছাড় দেওয়া হলো, অথচ প্রতিবাদ করায় রাহুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এফআইআর বা কোনো আইনি হুমকিতে রাহুল গান্ধী বা কংগ্রেস দমে যাবে না; এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
