‘শুভমন আরও পোক্ত হবে, বিশ্বকাপে রোহিত-বিরাটকে ছাঁটা সহজ নয়’: আশিস নেহরা – এবেলা

এবেলা ডেস্কঃ
September 8, 202610:33 am
ভারতের অধিনায়ক হিসেবে শুভমন গিল সময়ের সঙ্গে সঙ্গে আরও অভিজ্ঞ ও পরিপক্ক হয়ে উঠবেন বলে মনে করেন প্রাক্তন ভারতীয় পেসার ও গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা। সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলকাতায় এসে শুভমনের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি। হার্দিক পাণ্ড্যের সঙ্গে তুলনায় নেহরা জানান, শুভমন কিছুটা লাজুক প্রকৃতির হলেও তিনি অত্যন্ত স্পষ্টবাদী এবং শেখার ব্যাপারে দারুণ আগ্রহী। মাত্র ২৬-২৭ বছর বয়সে নেতৃত্বের মাত্র এক-দুই মরসুম পার করেছেন, ফলে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও উন্নত করবেন।
কথাপ্রসঙ্গেই ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়া নিয়ে নেহরা ইঙ্গিত দেন যে, আগ বাড়িয়ে কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে তিনি সম্মানিত বোধ করবেন। তবে ক্রিকেটে ব্যক্তিপূজায় বিশ্বাসী নন নেহরা; তাঁর মতে জয় বা পরাজয়ের দায় শুধু কোচ বা অধিনায়কের নয়, পুরো দলের হওয়া উচিত।
অন্য দিকে, আগামী এক দিনের বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, পারফর্ম করলে বয়স স্রেফ একটি সংখ্যা মাত্র। রোহিত-কোহলির মতো বিশ্বমানের ক্রিকেটারদের বাদ দেওয়া যেকোনো কোচ বা অধিনায়কের জন্যই কঠিন। তবে বিশ্বকাপের এখনও ১৩ মাস বাকি থাকায় এখনই চূড়ান্ত কিছু বলা আগাম হয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।
