শুভেন্দুর সভার আগে ঝালমুড়ির মেলা, কর্মীদের উচ্ছ্বাসে ফিরল সেই পুরনো স্মৃতি! – এবেলা
July 12, 2026

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের মেচেদায় তমলুক সাংগঠনিক জেলার বিশেষ বৈঠককে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক উত্তাপ। তবে সভার মূল আলোচনার আগেই নজর কাড়ল এক অন্য ছবি, যেখানে বিজেপি কর্মীদের জন্য আয়োজন করা হয়েছিল ঝালমুড়ির বিশেষ ‘পার্টি’। গ্রামীণ বাংলার এই অতি পরিচিত খাবার ঘিরে কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতৃত্ব থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি—সবাই মিলে লাইনে দাঁড়িয়ে ঝালমুড়ির স্বাদ নিতে ভিড় জমান।
একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছিল, যা আজও বিজেপির দলীয় সংস্কৃতিতে অটুট। কর্মীদের মতে, প্রধানমন্ত্রীর পছন্দের এই খাবার এখন দলের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। তাই সাংগঠনিক সভার ব্যস্ততার মাঝেও ঝালমুড়ির আড্ডায় কর্মীদের মধ্যে একতা ও উদ্দীপনা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।
