সংসদে পাস হল জন বিশ্বাস বিল, এবার আর তুচ্ছ ভুলে জেলে যেতে হবে না

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে সংসদে পাস হয়েছে ঐতিহাসিক ‘জন বিশ্বাস বিল’। এই নতুন আইনের ফলে ১৯টি মন্ত্রকের অধীনে থাকা ৪২টি কেন্দ্রীয় আইনের প্রায় ১৮৩টি ধারা সংশোধন করা হচ্ছে। এর ফলে প্রায় ১,০০০টি ছোটখাটো অপরাধকে ডিক্রিমিনালাইজ বা অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই পদক্ষেপকে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির পথে একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। মূলত অকারণে আইনি জটিলতা কমিয়ে ব্যবসায়িক পরিবেশ উন্নত করাই এই বিলের মূল লক্ষ্য।
এই বিল কার্যকর হওয়ার পর বেশ কিছু দৈনন্দিন কাজে ছোটখাটো ভুল করলে আর কারাদণ্ড ভোগ করতে হবে না। যেমন, জাতীয় সড়কে যানজট সৃষ্টি করা, ভুয়ো ফায়ার অ্যালার্ম দেওয়া কিংবা জন্ম-মৃত্যুর তথ্য দিতে দেরি হওয়ার মতো বিষয়গুলো এখন আর জেলযোগ্য অপরাধ নয়। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর ৩০ দিন পর্যন্ত তা বৈধ থাকবে। আগে এই ধরনের ভুলের জন্য জেল বা কড়া শাস্তির বিধান থাকলেও, নতুন আইনে কারাদণ্ডের পরিবর্তে কেবল আর্থিক জরিমানা বা সতর্কবার্তার নিয়ম রাখা হয়েছে।
কৃষি ও বাণিজ্যিক ক্ষেত্রেও বড়সড় স্বস্তি দিচ্ছে এই বিল। গবাদি পশুর মাধ্যমে ফসলের ক্ষতি বা বিদ্যুৎ আইনের বিধি লঙ্ঘন করলে এখন থেকে আর জেল হবে না, দিতে হবে দেওয়ানি জরিমানা। এমনকি প্রসাধন সামগ্রী উৎপাদন বা বিক্রির ক্ষেত্রে নিয়ম ভাঙলেও কারাদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। ‘অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট’-এর মতো কিছু ক্ষেত্রে প্রথমবার ভুল করলে সংশোধনের সুযোগ হিসেবে কেবল পরামর্শ বা সতর্কবার্তা দেওয়া হবে। এই বিলে নির্ধারিত জরিমানার পরিমাণ প্রতি তিন বছর অন্তর ১০ শতাংশ হারে বৃদ্ধি করার বিধানও রাখা হয়েছে।
