সকালবেলা বন্ধু সেজে ফোন, তারপরই এলোপাথাড়ি কোপ! কালিয়াচকে জোড়া হামলায় মৃত্যু ১ ভাইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ
কালিয়াচক: ফোন করে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্য রাস্তায় দুই ভাইয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলার অভিযোগ উঠল এক মাদক কারবারির বিরুদ্ধে। মঙ্গলবার সাতসকালে মালদহের কালিয়াচক থানার জালুয়াবাঁধাল এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ভাইয়ের, অপরজন গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আশরাফুল শেখ (৩২) এবং গুরুতর জখম ভাইয়ের নাম সাদিকুল শেখ (২৯)। এলাকার চিহ্নিত মাদক কারবারি পিলু শেখের বিরুদ্ধে এই জোড়া হামলার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্রাউন সুগারের লেনদেন এবং টাকা-পয়সার ধারদেনাকে কেন্দ্র করেই এই খুন।
মৃতের বাবা রাকিব শেখ জানান, পিলু এলাকায় বেআইনি ব্রাউন সুগারের ব্যবসা চালাত। সোমবার রাতে টাকা-পয়সা নিয়ে দুই ভাইয়ের সঙ্গে পিলুর ফোনে তুমুল ঝগড়া হয়। মঙ্গলবার সকালে পিলু তাদের ফোন করে ডেকে পাঠায়। বাড়ি থেকে কিছুটা দূরে পৌঁছাতেই দুই ভাইয়ের ওপর হাঁসুয়া নিয়ে চড়াও হয় অভিযুক্ত। আশরাফুলের গলায় কোপ মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাদিকুলের শরীরেও একাধিক জায়গায় কোপ বসানো হয়েছে।
রাজনৈতিক চাপানউতোর: এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের দাবি, তৃণমূলের মদতেই এলাকায় মাদক কারবার রমরমা। পাল্টা জবাবে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর দাবি, অভিযোগ ভিত্তিহীন এবং পুলিশ বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করছে।
মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পিলু শেখ পলাতক। পুলিশ ঘটনাস্থল থেকে হামলার অস্ত্রটি উদ্ধার করেছে এবং অভিযুক্তকে ধরার জন্য জোর তল্লাশি চালাচ্ছে।
