সব নিয়ম বদলে দিচ্ছে শাস্ত্র! দুর্গাপুজোর কোন দিনে কী খেলে নামতে পারে ঘোর বিপদ? – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজো মানেই দেদার আড্ডা আর কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া। তবে বাঙালি উৎসবের আনন্দের পাশাপাশি প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও লোকাচারকেও সমান গুরুত্ব দেয়। সনাতন নীতি ও লোকাচার অনুযায়ী, পুজোর দিনগুলিতে নির্দিষ্ট কিছু খাবার পাত থেকে বাদ রাখার বিধান রয়েছে। ধর্মীয় ব্যাখ্যা মতে, ষষ্ঠীর দিন নিমপাতা খেলে সন্তানের অমঙ্গলের আশঙ্কা থাকে, আর সপ্তমীতে তাল খাওয়া শরীর-স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মহাঅষ্টমীর পবিত্র তিথিতে নারকেল খেলে বুদ্ধি বা বিচারবোধ লোপ পায় বলে বিশ্বাস করা হয়। একইভাবে, মহানবমীতে লাউ এবং বিজয়া দশমীর দিন কলমি শাক খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
তবে এই ধরনের খাদ্যসংক্রান্ত নিষেধাজ্ঞার ভিন্নতা দেখা যায় অঞ্চল, পরিবার ও নির্দিষ্ট পুজোর রীতিভেদে। শাস্ত্রীয় ব্যাখ্যায় তৃতীয়ায় পটল, চতুর্থীতে মূলো, পঞ্চমীতে বেল এবং একাদশীতে শিম এড়ানোর উল্লেখ থাকলেও এগুলির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। দুর্গাপুজো মূলত ভক্তি, আনন্দ ও ঐক্যের উৎসব। ফলে প্রচলিত লোকাচার কিংবা ধর্মীয় ধারণাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি খাবার নিয়ে অযথা ভীতি দূর করাই শ্রেয়। অন্ধবিশ্বাস দূরে সরিয়ে রেখে স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস বজায় রেখেই পুজোর দিনগুলিতে আনন্দে মেতে ওঠা উচিত।
