সরকারের ইস্তফার দাবিতে উত্তাল মণিপুর! কেন্দ্রকে ‘ফাইনাল ওয়ার্নিং’ দিয়ে রাজপথে ঐতিহাসিক মহামিছিল – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে চলা রক্তাক্ত জাতিগত সংঘাত ও হিংসা রুখতে এবার সরাসরি রাজপথে নামলেন মণিপুরের হাজার হাজার মানুষ। ইম্ফলসহ রাজ্যের একাধিক স্থানে কেন্দ্রীয় সরকারকে ‘ফাইনাল ওয়ার্নিং’ বা শেষ বার্তা দিয়ে আয়োজিত হয়েছে এই ঐতিহাসিক মহামিছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৩ সালের মে মাস থেকে চলা হিংসায় উপজাতি সম্প্রদায়ের জীবন ও সম্পত্তি রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি (কোকোমি)-র পক্ষ থেকে ব্যর্থতার দায় নিয়ে বর্তমান রাজ্য সরকারের ইস্তফার দাবি তোলা হয়েছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে নিজেদের ভিটেমাটিতে ফিরিয়ে আনা, ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি চালু করা এবং রাজ্য থেকে আসাম রাইফেলস প্রত্যাহারের মতো মূল দাবিগুলো তুলে ধরেছেন। কোকোমির শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেছেন, মণিপুরের মানুষের বিরুদ্ধে গোপনে ‘ছায়াযুদ্ধ’ চালানো হচ্ছে। এই সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। পরিস্থিতি চরম সীমায় পৌঁছানোতেই রাজপথে নেমে আন্দোলন জোরদার করেছেন সাধারণ মানুষ।
