সাংসদ তহবিলের কাজ বন্ধ! মহুয়ার করা মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের – এবেলা

সাংসদ তহবিলের কাজ বন্ধ! মহুয়ার করা মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

কৃষ্ণনগরে সাংসদ তহবিলের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, প্রকল্পের কাজে বাধা সৃষ্টি হওয়ায় এলাকায় অন্তত ১৮টি কাজ আটকে রয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। মহুয়ার আইনজীবীর দাবি, জেলা প্রশাসনকে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি, যার ফলে স্কুল ভবন নির্মাণ ও মেরামতির মতো গুরুত্বপূর্ণ কাজগুলি থমকে রয়েছে। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার বিষয়টি রাজনৈতিক সমস্যার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন। সমস্ত দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এই অভিযোগগুলি জেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। সেখানে সমস্যার সন্তোষজনক সমাধান না হলে সাংসদ সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারবেন বলে আদালত জানিয়েছে।

তহবিলের কাজের পাশাপাশি কৃষ্ণনগরের সার্কিট হাউসে থাকার নিয়ম নিয়েও শীর্ষ আদালতে সওয়াল করেন মহুয়া। তাঁর অভিযোগ ছিল, সার্কিট হাউসে ওঠার পরেও তাঁকে মাঝরাতে ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়ে গত ১ সেপ্টেম্বর রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করে তিন থেকে চার দিন আগে জানানোর কথা বলেছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট সেই সময়সীমা কমিয়ে জানিয়েছে যে, মাত্র এক দিন আগে প্রশাসনকে জানালেই হবে এবং নিয়ম মেনে তাঁর থাকার যথাযথ ব্যবস্থা করতে হবে। প্রধান বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার সুবাদে মহুয়া সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রাধিকার পাবেন। আদালতের এই রায়ের ফলে আটকে থাকা প্রকল্পগুলি নিয়ে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *