‘সাংসদ হয়ে ডিমে ভয়?’ মহুয়া মৈত্রের আবেদনে সুপ্রিম কোর্টের কড়া সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘৃণাসূচক মন্তব্য মামলায় পুলিশি হাজিরার নির্দেশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আর্জি শুনতে সরাসরি অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। শুক্রবার শুনানির সময় মহুয়ার আইনজীবীর তোলা নিরাপত্তা ইস্যু ও ডিম ছোড়ার আশঙ্কা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুরের বিশেষ বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে তারা কোনও হস্তক্ষেপ করবে না।
শুনানি চলাকালীন মহুয়ার আইনজীবী আদালতে যুক্তি দেন যে, পুলিশের নোটিস অনুযায়ী ব্যক্তিগতভাবে থানায় হাজির হতে গেলে অতীতে তাঁর দিকে ডিম ছোড়ার মতো ঘটনা ঘটেছিল, তাই যেন ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। এর তীব্র দ্বিমত প্রকাশ করে বেঞ্চ প্রশ্ন তোলে, স্বাধীনতা সংগ্রামীরা যেখানে গুলি খেয়েছিলেন, সেখানে জনপ্রতিনিধি হয়ে ডিমের ভয়ে এমন আবেদন করা একেবারেই শোভা পায় না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণে অনিচ্ছা প্রকাশ করায় মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি ধার্য রয়েছে আগামী ১ অক্টোবর।
