সানিয়া পুত্রের বলিউড অভিষেক! আট বছর আগেই কি পাকা কথা সেরে রেখেছিলেন ফরাহ খান? – এবেলা

এবেলা ডেস্কঃ
টেনিস তারকা সানিয়া মির্জ়া ও পরিচালক ফরাহ খানের বন্ধুত্বের রসায়ন বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে তাঁদের সম্পর্কের এক মজার তথ্য ফাঁস করেছেন সানিয়া। তাঁর দাবি, ছেলে ইজ়হান মির্জ়া মালিকের জন্মের পরই তাকে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরাহ। প্রায় আট বছর আগে ইজ়হানের জন্য ১০০ টাকার একটি নোট ‘সাইনিং অ্যামাউন্ট’ হিসেবে দিয়ে ফরাহ বলেছিলেন, সে বড় হলে তাঁর সঙ্গেই ছবি করবে। সেই বিশেষ নোটটি এখনও সযত্নে নিজের কাছে ধরে রেখেছেন সানিয়া।
এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে ছেলেকে বলিউডে লঞ্চ করার ব্যাপারে ফরাহের এই প্রতিশ্রুতির কথা প্রকাশ্যে এনেছিলেন এই টেনিস তারকা। গত বছর ফরাহের একটি ভ্লগেও দেখা গিয়েছিল খোদ ইজ়হানকে, যেখানে ফরাহকে তার হিরো হিসেবে উল্লেখ করতে শোনা যায়। ব্যক্তিগত জীবনে ২০১৮ সালে জন্ম নেওয়া ইজ়হানকে নিয়ে গর্বিত সানিয়া সব সময়ই সন্তানের নিজস্ব পছন্দ ও স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়েছেন। মা হিসেবে সন্তানের নানা অর্জনের কথা এর আগেও একাধিকবার শেয়ার করেছেন তিনি।
