সাবধান! আপনার ব্যাংক অ্যাকাউন্টও কি হতে পারে ব্লক? জানুন RBI-এর নতুন কড়া নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 20261:33 pm
সাইবার জালিয়াতি এবং বেআইনি ‘মানি-মিউল’ অ্যাকাউন্টগুলোর কারসাজি রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সম্প্রতি এই বিষয়ে একটি অভিন্ন নির্দেশিকা বা খসড়া নিয়ম প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক, যা পুরোপুরি কার্যকর হলে সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে এই প্রস্তাবগুলি খসড়া পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল, ২০২৭ থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
যে কারণে অ্যাকাউন্ট বা নির্দিষ্ট অর্থ ব্লক হতে পারে:
- ব্যাঙ্কের লেনদেন পর্যবেক্ষণ সিস্টেমে যদি কোনও লেনদেন সন্দেহজনক বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত বলে চিহ্নিত হয়, তবে সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ সাময়িকভাবে আটকে দেওয়া হতে পারে।
- প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ১ হাজার টাকা বা তার বেশি অঙ্কের কোনও লেনদেনে জালিয়াতির সংকেত মিললেই এই ব্যবস্থা নেওয়া হবে।
- পুরো অ্যাকাউন্টটিই যদি ‘মানি-মিউল’ (যে অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ বা সাইবার প্রতারণার অর্থ পাচার করা হয়) হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ করা হয়, তবে গোটা অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা বা স্থানান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা বসতে পারে।
অ্যাকাউন্ট ব্লক হলে গ্রাহক কী সুবিধা বা সময় পাবেন? ব্যাঙ্ক যদি আপনার অ্যাকাউন্টে কোনো অস্থায়ী ডেবিট ব্লক আরোপ করে, তবে নিয়মানুযায়ী গ্রাহককে আগে থেকেই নোটিশ পাঠানো বাধ্যতামূলক। সেই নোটিশে ব্লকের সুনির্দিষ্ট কারণ, তা কাটিয়ে ওঠার উপায় এবং লেনদেনের সমস্ত বিবরণ থাকবে। এই নোটিশের জবাব দেওয়ার জন্য গ্রাহক ২০ দিন পর্যন্ত সময় পাবেন। সাধারণত এই ধরনের অস্থায়ী ডেবিট ব্লক সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- জনসাধারণের মতামত জানানোর শেষ তারিখ: ২ অক্টোবর, ২০২৬
- নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ: ১ এপ্রিল, ২০২৭
