সীমান্তে বিএসএফ জওয়ানকে কোপ! আত্মরক্ষার্থে গুলিতে খতম বাংলাদেশি পাচারকারী – এবেলা

এবেলা ডেস্কঃ
আগরতলা: ত্রিপুরার উনকোটি জেলার লাটিয়াপুর সীমান্তে ভারত-বাংলাদেশ বর্ডারে শুক্রবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান রুখতে গিয়ে আক্রান্ত হলেন এক বিএসএফ (BSF) জওয়ান। চোরাকারবারীদের ধারালো অস্ত্রের কোপে জওয়ান গুরুতর জখম হওয়ার পর, আত্মরক্ষার্থে চালানো বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ লাটিয়াপুর বিওপি (BOP) এলাকার আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে টহল দিচ্ছিলেন বিএসএফ কনস্টেবল বিপুল গগৈ। সেই সময় তিনি দেখেন, ভারতীয় ভূখণ্ড থেকে কিছু লোক কাঁটাতারের ওপর দিয়ে ওপারে ব্যাগ ছুঁড়ে ফেলছে এবং বাংলাদেশ সীমান্ত থেকে একদল লোক তা কুড়িয়ে নিচ্ছে।
চোখের সামনে এই চোরাচালান রুখতে গিয়ে জওয়ান তাদের বাধা দিলে, পাচারকারীদের দলটি উল্টে তাঁর ওপরই চড়াও হয়। লোহা কাটার ধারালো দা দিয়ে ওই বিএসএফ জওয়ানের হাতে কোপ মারা হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন।
বাধ্য হয়েই গুলি জওয়ানের:
সহকর্মী জওয়ানকে রক্তাক্ত অবস্থায় আক্রান্ত হতে দেখে অন্য বিএসএফ রক্ষীরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে, আক্রান্ত জওয়ান বিপুল গগৈ বাধ্য হয়ে নিজের আত্মরক্ষার্থে বাংলাদেশি পাচারকারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালান। গুলির শব্দে দুই দেশের পাচারকারীরাই ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
তবে বিএসএফের ছোঁড়া একটি গুলি সরাসরি এক বাংলাদেশি যুবকের বাঁ কাঁধে গিয়ে লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৈলাসহরের জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিএসএফ সূত্রে খবর, মৃত বাংলাদেশি যুবকের নাম মজিদ আলী (৩০)। সে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। এই অনভিপ্রেত সীমান্ত সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (BGB) তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
