সুইমিং পুলে ছাত্রমৃত্যু! ৪০ দিন পরেও অধরা দোষীরা, সুবিচার চেয়ে মন্ত্রীর দ্বারস্থ মা – এবেলা

এবেলা ডেস্কঃ
আসানসোলে স্কুলের সুইমিং পুলে ডুবে ১১ বছরের ছাত্র আদ্রিক হিলারিয়ানের মৃত্যুর ৪০ দিন পরেও অধরা দোষীরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হলেন নিহত পড়ুয়ার মা। গত ২৮ মে সামার ক্যাম্প চলাকালীন প্রশিক্ষকদের চরম গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। আসানসোল দক্ষিণ থানায় এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও আইনি ব্যবস্থা নেয়নি।
সন্তানহারা মায়ের অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, ঘটনার দিন পুলে উপযুক্ত প্রশিক্ষক ছিলেন না। জল থেকে তোলার পর বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় ওই ছাত্রকে। এমনকি, অ্যাম্বুল্যান্স না মেলায় মোটরবাইকে করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্কুলের এই চূড়ান্ত উদাসীনতার বিরুদ্ধে এখন সুবিচারের অপেক্ষায় দিন গুনছে পরিবার।
