সেই রাতে ঝরেছিল ২৩ প্রাণ! কাশ্মীরি পণ্ডিত নিধনের ২৮ বছর পর ফের শুরু চাঞ্চল্যকর তদন্ত – এবেলা

এবেলা ডেস্কঃ
১৯৯৮ সালের সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের রাতে জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার ওয়ানধামায় ঘটেছিল এক নৃশংস হত্যাকাণ্ড। ভারতীয় সেনার পোশাক পরে হাজির হয়েছিল লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিন জঙ্গিরা। সেই হামলায় গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল ৯ জন মহিলা ও ৪ জন শিশুসহ মোট ২৩ জন কাশ্মীরি পণ্ডিতের প্রাণ। এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা উপত্যকা। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় পর সেই নৃশংস ওয়ানধামা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীরের রাজ্য গোয়েন্দা বিভাগ এসআইএ।
সাম্প্রতিক সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকটি নির্দিষ্ট ঠিকানায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। পুরনো হিংসার নেপথ্যে কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখে জঙ্গিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এর আগে সরলা ভাট ও বিচারক নীলকান্ত গাঞ্জু হত্যাসহ উপত্যকার বেশ কয়েকটি পুরনো মামলায় তদন্ত শুরু করেছিল এসআইএ। কেন্দ্রের তরফে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের প্রক্রিয়া এগোনোর পাশাপাশি অতীতের এই ভয়াল অধ্যায়ের সঠিক পরিণতি টানতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।
