‘সেবাশ্রয়’ শিবিরে বেআইনি কাজ! ডায়মন্ড হারবার-বজবজে পুলিশের আচমকা হানা, তুমুল শোরগোল – এবেলা

‘সেবাশ্রয়’ শিবিরে বেআইনি কাজ! ডায়মন্ড হারবার-বজবজে পুলিশের আচমকা হানা, তুমুল শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

ডায়মন্ড হারবার: ‘সেবাশ্রয়’ প্রকল্পে চিকিৎসা সংক্রান্ত চরম গাফিলতি ও বেআইনি কাজের অভিযোগে শুক্রবার ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক বেসরকারি নার্সিংহোমে আচমকা মেগা তল্লাশি চালাল পুলিশ। বিষ্ণুপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর এই অভিযানে বেশ কয়েকটি এক্স-রে এবং ইউএসজি (আল্ট্রাসোনোগ্রাফি) মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে, যা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কী অভিযোগ? গত ৩ জুলাই বিষ্ণুপুর থানায় একটি চাঞ্চল্যকর লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, ‘সেবাশ্রয়’ শিবিরে স্বাস্থ্য পরীক্ষার নামে যেসব এক্স-রে এবং ইউএসজি মেশিন ব্যবহার করা হচ্ছে, সেগুলোর কোনো বৈধ লাইসেন্স বা স্বাস্থ্যদপ্তরের অনুমোদন নেই। রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে প্রশাসন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে তদন্তের পরিধি বাড়ানো হয়।

তদন্তে কী মিলল? শুক্রবার সকাল থেকেই ডায়মন্ড হারবার ও বজবজের একাধিক নার্সিংহোমে হানা দেন তদন্তকারীরা। নার্সিংহোমগুলিতে গিয়ে মেশিনের লাইসেন্স, রোগীর রেকর্ড ও আর্থিক লেনদেনের কাগজপত্র খতিয়ে দেখা হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট যে, বাজেয়াপ্ত হওয়া মেশিনগুলি সত্যিই সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছিল। এখন নার্সিংহোম কর্তৃপক্ষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে— কার নির্দেশে, কীসের ভিত্তিতে সরকারি অনুমতি ছাড়াই এই মেশিনগুলি শিবিরে পাঠানো হয়েছিল।

রাজনৈতিক তরজা ও ববির প্রতিক্রিয়া ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ধরেই দুর্নীতির বিরুদ্ধে সরব বিজেপি নেতা অভিজিৎ দাস বা ববি।

এই অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে সেবাশ্রয় শিবিরে চিকিৎসার নামে প্রহসন ও অনিয়ম চলছে। আজ পুলিশের পদক্ষেপে প্রমাণ হলো অভিযোগ কতটা বাস্তব। তবে শুধু মেশিন বাজেয়াপ্ত করলেই হবে না, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যাঁরা ছিনিমিনি খেলেছেন, সেই দোষীদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তদন্ত যেন কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয়।”

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। পুলিশের তরফে জানানো হয়েছে, নিরপেক্ষভাবেই তদন্ত এগোচ্ছে। নতুন তথ্য ও প্রমাণ হাতে এলে আগামী দিনে আরও কিছু নার্সিংহোমে অভিযান চালানো হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *