স্টেশনের জলে মারণ ব্যাকটেরিয়া! নড়েচড়ে বসল রেলমন্ত্রক – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের একাধিক রেল স্টেশনের পানীয় জলে ক্ষতিকর ই-কোলাই ব্যাকটেরিয়া পাওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসেছে রেলমন্ত্রক। সম্প্রতি প্রকাশিত ক্যাগ (CAG)-এর রিপোর্টে দেশের ৪৯টি স্টেশনের জল পরীক্ষা করে মুম্বই, কেরল, তামিলনাড়ু ও ঝাড়খণ্ডের আটটি স্টেশনের ওয়াটার কুলারের জলে এই মারণ ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে। এরপরই পরিস্থিতি সামাল দিতে তৎপর হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি শীর্ষ আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং যাত্রী সুরক্ষায় ন্যূনতম গাফিলতিও বরদাস্ত করা হবে না বলে কঠোর নির্দেশ দেন।
রেল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনের প্রায় ২০ হাজার স্থানে ‘ট্যাঙ্ক টু ট্যাপ’ জলশোধন ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াটার কুলারের জল পরিশোধন, দ্রুত জলের ট্যাঙ্ক পরিবর্তন এবং নিয়মিত গুণমান পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। শুধু পানীয় জলই নয়, শৌচাগার ও বসার জায়গার মতো মৌলিক পরিষেবাগুলির ঘাটতি দূর করতেও নির্দেশিকা জারি হয়েছে। পুরো বিষয়টি নিয়মিত নজরদারি করে রেলবোর্ডে রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
