স্পা নয়, স্রেফ পিঠ চুলকেই মাসে আয় ১৪ লাখ টাকা! চিনের তরুণের অভিনব ব্যবসা – এবেলা

স্পা নয়, স্রেফ পিঠ চুলকেই মাসে আয় ১৪ লাখ টাকা! চিনের তরুণের অভিনব ব্যবসা – এবেলা

এবেলা ডেস্কঃ

পিঠ বা শরীরের এমন কোনো অংশে চুলকানি উঠছে অথচ হাত পৌঁছাচ্ছে না—এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আমরা সবাই কখনো না কখনো পড়েছি। সাধারণত এই সময়ে আমরা পরিবারের সদস্য বা কাছের মানুষের সাহায্য নিই। কিন্তু মানুষের এই অতি সাধারণ প্রয়োজনকেই লাভজনক ব্যবসায় রূপ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চিনের এক যুবক। স্পা কিংবা মেসেজ নয়, স্রেফ গ্রাহকদের শরীর চুলকে দেওয়ার সেবা দিয়েই তিনি প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা।

কী এই অভিনব সেবা?

চিনের শেনজেন শহরের ৩২ বছর বয়সি উদ্যোক্তা ঝাং শিয়াওচিয়াও গড়ে তুলেছেন ‘সুমা’ (Suma) নামের একটি প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে আসা গ্রাহকরা স্পা সেন্টারের মতো আরামদায়ক বিছানায় শুয়ে পড়েন। এরপর প্রশিক্ষিত কর্মীরা বিশেষ কৃত্রিম নখ বা সুনির্দিষ্ট সরঞ্জামের সাহায্যে গ্রাহকদের শরীরের বিভিন্ন অংশে আলতোভাবে চুলকে দেন। এক ঘণ্টার এই বিশেষ সেবার জন্য গ্রাহকদের গুনতে হয় প্রায় ৩০০ ইউয়ান (প্রায় ৪,২০০ টাকা)।

যেভাবে এলো ব্যবসার ভাবনা

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখার পর ঝাংয়ের মাথায় এই আইডিয়া আসে। ভিডিওটিতে এক নারীকে তাঁর স্বামীর পিঠ চুলকে দিতে দেখা যায়, যার কমেন্ট বক্সে বহু মানুষ জানান—এমন সেবার জন্য তাঁরা টাকা খরচ করতেও প্রস্তুত। সেখান থেকেই ছোটবেলায় বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতির কথা মনে পড়ে ঝাংয়ের, এবং তিনি একে পেশাদার রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। চিনে এই ধরণের কোনো ব্যবসার প্রচলন না থাকায় তিনি নিজেই চুলকানোর বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে বিস্তর গবেষণা করেন।

বিপুল সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

গত মে মাসে শেনজেনের বাওআন জেলায় সুমা-র প্রথম আউটলেট খোলেন ঝাং। গ্রাহকদের বিপুল সাড়া পেয়ে মাত্র এক মাসের মাথায় ফুথিয়ান জেলায় চালু করেন দ্বিতীয় শাখা। বর্তমানে সমস্ত পরিচালন খরচ বাদ দিয়ে দুটি আউটলেট থেকে মাসে তাঁর নিট মুনাফা প্রায় ১ লাখ ইউয়ান (প্রায় ১৪ লাখ টাকা)।

এই পরিষেবা গ্রহণকারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং ৩০ শতাংশ নারী। গ্রাহকদের মতে, এটি কেবল চুলকানিই মেটায় না, বরং মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুমে দারুণ সাহায্য করে। আপাতত সাফল্যকে সঙ্গী করে পুরো চিন জুড়ে ১০০টি আউটলেট খোলার বড় পরিকল্পনা রয়েছে এই তরুণ উদ্যোক্তার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *