‘স্বাধীনতা দিবস’ নয়, বলুন ‘স্বরাজ দিবস’! ডিকশনারি বদলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠির হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের – এবেলা
এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের ৭৫ বছর পেরিয়েও ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ (Independence Day) শব্দবন্ধটি বহাল থাকা নিয়ে চরম আপত্তি তুললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। ইংরেজি এই শব্দটি অভিধান থেকে চিরতরে মুছে ফেলে তার জায়গায় ‘স্বরাজ দিবস’ ব্যবহারের জোরালো দাবি জানালেন তিনি।
শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোলে ‘ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’ (LPAI)-র উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর বক্তব্য রাখতে গিয়েই এই বিতর্কিত মন্তব্য করেন শান্তনু ঠাকুর।
মঞ্চে দাঁড়িয়ে নিজের যুক্তির পক্ষে মন্ত্রী বলেন, “আমার মতে ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ শব্দটি অভিধান থেকেই তুলে দেওয়া উচিত। কারণ এটি ব্রিটিশদের দেওয়া একটি পরিভাষা। ব্রিটিশরা ভারতে আসার আগে আমাদের দেশের জিডিপি ছিল ২৭ ট্রিলিয়ন ডলার, আর তারা যখন ছেড়ে যায়, তখন তা শূন্যে নেমে এসেছিল। তাই এই দিনটিকে পরাধীনতার স্মৃতিবাহী ‘স্বাধীনতা দিবস’ নয়, বরং ভারতের নিজস্ব চেতনায় ‘স্বরাজ দিবস’ হিসেবে পালন করা উচিত।” এই বিষয়ে উপযুক্ত পদক্ষপের জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন।
তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই বিস্ফোরক দাবি প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।
অন্যদিকে, এই একই অনুষ্ঠানে পেট্রাপোল সীমান্ত এলাকার সামগ্রিক আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নের দাবি তোলেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি ল্যান্ড পোর্ট অথরিটির কাছে আবেদন জানিয়ে বলেন, “আমাদের এই সীমান্ত এলাকাটি এখনো অর্থনৈতিকভাবে কিছুটা অনুন্নত। এলপিএআই যদি কোনো উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে, তবে রাজ্য সরকার যৌথভাবে হাত মিলিয়ে এলাকার অর্থনৈতিক চিত্র বদলে দিতে প্রস্তুত।”
