স্বাস্থ্য দপ্তরের বড় সিদ্ধান্ত: রাজ্যে নতুন ৬টি মেডিক্যাল কলেজ, সঙ্গে অ্যালোপ্যাথি ও আয়ুষের যুগলবন্দি – এবেলা

স্বাস্থ্য দপ্তরের বড় সিদ্ধান্ত: রাজ্যে নতুন ৬টি মেডিক্যাল কলেজ, সঙ্গে অ্যালোপ্যাথি ও আয়ুষের যুগলবন্দি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজ্যে নাবালিকা বিবাহ, টিন-এজ প্রেগন্যান্সি এবং একের পর এক সন্তান জন্ম দেওয়ার প্রবণতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। নতুন সরকারের ১০০ দিনের সাফল্যের খতিয়ান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ ও পশ্চিম মেদিনীপুরের নির্দিষ্ট কিছু ব্লকে এই প্রবণতা স্বাস্থ্য-সূচকের নিরিখে অত্যন্ত বিপজ্জনক। দম্পতি পিছু দু’টির বেশি সন্তান প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

একই সাথে স্বাস্থ্য পরিকাঠামোয় একাধিক নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মন্ত্রী:

  • অ্যালোপ্যাথি ও আয়ুষের যুগলবন্দি: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতাল পর্যন্ত অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুষ (হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ) আউটডোর পরিষেবা চালু হচ্ছে। এজন্য ৪৮৪ জন আয়ুষ মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।
  • নতুন ৬টি মেডিক্যাল কলেজ: আলিপুরদুয়ার, সিউড়ি, শিলিগুড়ি, আসানসোল, কালিম্পং এবং কলকাতায় ১টিসহ মোট ৬টি নতুন মেডিক্যাল কলেজ গড়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে রাজ্যে ৯৭৫টি নতুন এমবিবিএস আসন বৃদ্ধি পেয়েছে।
  • বেসরকারি হাসপাতালে বেড ও মক ড্রিল: সরকারি হাসপাতালে বেড সংকটে রোগী স্থানান্তরের জন্য ২,৪২৬টি বেসরকারি বেডের ব্যবস্থা করা হয়েছে। সফলভাবে পরিচালনা করতে এসএসকেএম থেকে কেপিসি মেডিক্যাল কলেজে মক ড্রিল করা হয়েছে।
  • অন্যান্য সুবিধা: রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। এছাড়াও চালুর পথে ২০০টি ‘১০২’ অ্যাম্বুল্যান্স ও ৩১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট।
  • স্বাস্থ্য বীমা ও টিকাকরণ: আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে কোটি কোটি পরিবারকে চিকিৎসায় ছাড় দেওয়া হবে। কিশোরীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকাকরণ এবং ব্লকস্তরে বিনামূল্যে রক্ত পরীক্ষা, এক্স-রে ও ইউএসজি পরিষেবা সম্প্রসারণের কথা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *