হিমবাহ ফেটে নেপালে মহাবিপর্যয়: উত্তর বিহারে চরম সতর্কতা, খোলা হলো ব্যারেজের সমস্ত গেট! – এবেলা

এবেলা ডেস্কঃ
নেপাল-তিব্বত সীমান্তে একটি হিমবাহ হ্রদ (গ্লেসিয়াল লেক) ফেটে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের। এই ঘটনার প্রভাবে ভারতে সীমান্তবর্তী রাজ্য বিহারে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নেপাল থেকে ধেয়ে আসা অতিরিক্ত জল এবং আবর্জনার কারণে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় গন্ডক ও কোসি ব্যারেজসহ উত্তর বিহারের সমস্ত গুরুত্বপূর্ণ বাঁধের ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে গন্ডক ব্যারেজের ৩৬টি গেটই পুরোপুরি খুলে দেওয়া হয়েছে এবং কোসি ব্যারেজের ১৭টি গেট দিয়ে জল ছাড়া হচ্ছে। জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার ও বিশেষ টিম নদীগুলির জলস্তরের ওপর প্রতি আধ ঘণ্টা অন্তর নজর রাখছে। তবে স্বস্তির খবর দিয়ে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনার উৎসস্থল বাল্মীকিনগর ব্যারেজ থেকে প্রায় ২৫০-৩০০ কিলোমিটার দূরে হওয়ায় সমতলে পৌঁছাতে পৌঁছাতে জলের গতি অনেকটাই কমে এসেছে। গন্ডক নদীর জলস্তরও বর্তমানে স্বাভাবিকের নিচে রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এবং বাঁধগুলি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
