হৃদয়বিদারক পরিণতি! হোম থেকে ফিরেই চরম পদক্ষেপ নিল দশম শ্রেণির ছাত্র? – এবেলা

এবেলা ডেস্কঃ
পাথরপ্রতিমার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনায় দশম শ্রেণির ছাত্র শুভঙ্কর গিরির (১৭) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর গোপালনগরের এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শুভঙ্করকে পকসো আইনে গ্রেফতার করা হয়। প্রায় এক মাস আদালতের নির্দেশে হোমে থাকার পর গত ২৯ সেপ্টেম্বর সে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসে।
পরিবারের দাবি অনুযায়ী, হোম থেকে ফেরা ইস্তক শুভঙ্কর ভীষণ মনমরা থাকত এবং কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলত না। পরিবারের সদস্যরা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। শেষমেশ শুক্রবার সকালে ঘরের ভেতর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
