হেঁশেলে ফের আগুন! সিলিন্ডারে একলাফে ২৯ টাকা বৃদ্ধি, কলকাতায় নতুন রেট কত?

নিজস্ব প্রতিবেদন | কলকাতা: আবারও সাধারণ মানুষের পকেটে বড়সড় টান! মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ল গৃহস্থালির রান্নার গ্যাসের (LPG)। তেল সংস্থাগুলির এই সিদ্ধান্তে এখন মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। রবিবার, ৭ জুন থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬৮ টাকা। আগে যা ছিল ৯৩৯ টাকা। রাজধানী দিল্লিতেও সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪২ টাকা।
কী কী বাড়ল দাম?
- ১৪.২ কেজি (গৃহস্থালি): ৯৬৮ টাকা (২৯ টাকা বৃদ্ধি)।
- ৫ কেজি সিলিন্ডার: ১০.৫০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ৩৫৮.৫০ টাকা।
- ১০ কেজি সিলিন্ডার: নতুন দাম বেড়ে হয়েছে ৬৯১.৫০ টাকা।
কেন এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি?
তেল সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন চরম চড়া। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে এলপিজি আমদানিতে ব্যাপক ব্যাঘাত ঘটছে। জোগান তলানিতে ঠেকায় রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরে। প্রসঙ্গত, এর আগে গত ৭ মার্চ এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছিল গ্যাসের দাম।
বাণিজ্যিক গ্যাসেও নাভিশ্বাস!
শুধু গৃহস্থালি নয়, স্বস্তি নেই বাণিজ্যিক ক্ষেত্রেও। গত ১ জুন থেকেই কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডারপিছু ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫৫ টাকা ৫০ পয়সায়। বাণিজ্যিক গ্যাসের আকাশছোঁয়া দামের ঠিক পাঁচ দিনের মাথাতেই গৃহস্থের এলপিজি সিলিন্ডারের এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের উদ্বেগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল। সব মিলিয়ে, হেঁশেল সামলাতে এখন হিমশিম খাচ্ছে প্রতিটি পরিবার। মুদ্রাস্ফীতির এই বাজারে সাধারণ মানুষের পকেটে কতটা চাপ পড়বে, তা নিয়েই এখন চলছে জোর জল্পনা।
