১০০০ গোলের দৌড়েই বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত! রোনাল্ডোর বিদায়ে স্তব্ধ ফুটবলবিশ্ব – এবেলা

১০০০ গোলের দৌড়েই বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত! রোনাল্ডোর বিদায়ে স্তব্ধ ফুটবলবিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ফুটবল দুনিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও ভক্তদের চোখে ‘GOAT’ (গ্রেট অফ অল টাইম) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি তবে এবার সত্যি সত্যিই বুটজোড়া তুলে রাখতে চলেছেন? ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর থেকেই তাঁর অবসর নিয়ে গুঞ্জন চলছিল। কিন্তু সম্প্রতি ৪১ বছর বয়সী পর্তুগিজ অধিনায়কের বক্তব্যে সেই জল্পনা আরও তীব্র হয়ে উঠল। নিজে মুখে না বললেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন—২০২৬-২৭ মরসুমেই হয়তো জীবনের শেষবারের মতো পেশাদার ফুটবলে মাঠে নামবেন তিনি।

সম্প্রতি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর। মাঠে এমন এক লেগাসি রেখে যেতে চাই, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।” অর্থাৎ ভক্তদের জন্য এই মরসুমটাই হয়তো ফুটবল জাদুকরকে সবুজ গালিচায় দেখার শেষ সুযোগ।

১,০০০ গোলের রূপকথা ছুঁতে বাকি আর মাত্র ২৪টি গোল

রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে এ পর্যন্ত ১,৩৩০টি ম্যাচে তিনি মোট ৯৭৬টি গোল করেছেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ২৪টি গোল। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এখনও দুর্দান্ত ছন্দে রয়েছেন CR7। গত মরসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৯টি গোল (যার মধ্যে লিগেই ২৮টি)। ফলে চলতি সিজনেই তিনি ১,০০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন বলে আশাবাদী বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি অনুরাগী।

স্পোর্টিং সিপি থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে আল নাসর—প্রতিটি ক্লাবেই তিনি সাফল্যের শিখর স্পর্শ করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যান ইউ-তে ১৪৫টি এবং জাতীয় দল পর্তুগালের হয়ে ১৩৮টি গোলের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৫টি ব্যালন ডি’অর ও ৫টি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব।

অবসরের পর কী করবেন রোনাল্ডো? কোচিং নাকি নতুন ভূমিকা?

ফুটবল থেকে বিদায় নেওয়ার পর জীবন কীভাবে কাটাবেন, তা ইতিমধ্যেই ছকে ফেলেছেন CR7। তিনি জানান, অবসর-পরবর্তী সময়ের শূন্যতা পূরণ করতে তিনি ভ্রমণ করবেন, নিয়মিত ‘প্যাডেল টেনিস’ খেলবেন এবং পরিবারের সঙ্গে এতদিন ধরে অর্জিত সাফল্য উপভোগ করবেন।

তবে ভবিষ্যতে কোচিং করানোর কোনো ইচ্ছে তাঁর নেই। ডাগআউটে না বসে ফুটবল ক্লাবের মালিক হিসেবে তিনি আত্মপ্রকাশ করতে পারেন। এ প্রসঙ্গে এর আগেও তিনি বলেছিলেন, “আমি কোনো ফুটবল ক্লাবের মালিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কয়েক বছর ধরেই এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *