১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধর, কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি – এবেলা

এবেলা ডেস্কঃ
নবদ্বীপ: ফের রাজনৈতিক উত্তেজনায় তপ্ত নদিয়ার নবদ্বীপ। তৃণমূল কর্মীর কাছে ১০ লক্ষ টাকা দাবি এবং তা দিতে অস্বীকার করায় তাঁকে ও তাঁর ভাইকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত তৃণমূল কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণ:
আক্রান্তের পরিবারের অভিযোগ, গত ২৮ জুন দুপুরে মাজদিয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় শংকর দেবনাথের বাড়িতে চড়াও হন নবদ্বীপের বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন ও তাঁর সহযোগীরা। অভিযোগ, বাড়ি থেকে টেনে বের করে শংকরকে মারধর করা হয়। পরে হাসপাতালে দাদাকে দেখতে গিয়ে হামলার শিকার হন শংকরের ভাই শীবেন্দ্র দেবনাথকেও। তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কী বলছে বিজেপি?
অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন। তাঁর পাল্টা দাবি:
- শংকর দেবনাথ এলাকায় তৃণমূলের দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দিতেন।
- কয়েক বছর আগে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শংকর অভিযুক্ত ছিলেন এবং জেলও খেটেছিলেন।
- রাজ্য সরকার পরিবর্তনের পর ওই মৃত ব্যক্তির পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে টাকা চাওয়া হয়েছিল, যা নিয়ে গ্রামবাসীদের সাথে শঙ্করের বচসা হয়।
- বিজেপি নেতারা বিষয়টি মেটাতে গিয়েছিলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি মণ্ডল সভাপতির।
বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোয় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
