১৮ লাখের চাকরি ছেড়ে কেবিসিতে ৫০ লাখ জয়! ড্রাইভার বাবার চোখে সম্মান ফেরাতে আইএএস হওয়ার পণ আইআইটি টপারের – এবেলা

এবেলা ডেস্কঃ
অষ্টাদশ ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে ৫০ লাখ টাকা জিতে নজির গড়লেন আইআইটি বম্বের কৃতী ছাত্র যোগেশ সাহু। ছোটবেলা থেকেই মেধাবী যোগেশ ছত্তিশগড় রাজ্য বোর্ডে দশম শ্রেণিতে ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইআইটি বম্বে থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শীর্ষ স্থান অধিকার করেন। আইআইটি জীবন শেষে বার্ষিক ১৮ লাখ টাকা বেতনের লোভনীয় চাকরির অফার পেলেও, যোগেশ তা প্রত্যাখ্যান করেন। তাঁর একমাত্র লক্ষ্য এখন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হওয়া।
হট সিটে বসে অমিতাভ বচ্চনের সামনে যোগেশ জানান, সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর বাবার দীর্ঘ সংগ্রাম। পেশায় গাড়িচালক বাবার আয় ছিল সামান্য, কিন্তু ছেলের শিক্ষার পথে তিনি কখনও বাধা হয়ে দাঁড়াননি। ছোটবেলায় বাবাকে বড় অফিসারদের জন্য গাড়ির দরজা খুলে সেলাম ঠুকতে দেখে যোগেশের মনে সংকল্প জাগে, এমন উচ্চতায় পৌঁছাতে হবে যাতে তাঁর বাবার প্রতি মানুষের সম্মান বাড়ে। সেই স্বপ্নপূরণ এবং জেলাশাসক হওয়ার লক্ষ্যেই অবিচল যোগেশ আজ হাজারো ছাত্রছাত্রীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
